বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আদালত পরিবর্তন চেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নির আবেদনের ওপর বুধবার শুনানি হবে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই দিন ধার্য করে দেন। গতকাল আদালত পরিবর্তনের আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফআর খান বলেন, মিন্নি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে। আমি এখনো ডকুমেন্টস পাইনি। এজন্য সময় প্রয়োজন।
সময় আবেদনের বিরোধিতা করে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না বলেন, বিরতিহীনভাবে এই মামলায় সাক্ষ্যগ্রহণ করছে বরগুনার আদালত। হাইকোর্ট বলেন, এভাবে সাক্ষ্য নিতে বাধা আছে কি? আইনজীবী বলেন, বাধা নেই। তবে এই একটি মামলার ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন? যদি দ্রুত নিষ্পত্তি করতে হয় তাহলে দেশের সব মামলার ক্ষেত্রেই এটা হতে হবে। আদালত বলেন, সাক্ষী আদালতে হাজির হলে তার জবানবন্দি রেকর্ড করেই তাকে আদালত ত্যাগ করতে দিতে হবে—এমন একটা সার্কুলার জারি করা হয়েছে। শুনানি শেষে আদালত বুধবার শুনানির জন্য দিন ধার্য করে দেন।
বরগুনা থেকে রিফাত হত্যা মামলার আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করে রিফাতের স্ত্রী মিন্নি। গত বছরের ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে।
