খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাং বাজার এলাকায় উপজাতীয় দুর্বৃত্তদের  ব্রাশফায়ারে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দু’জনের মধ্যে একজন লোগাং এর বাসিন্দা চা দোকানদার চীক্য চাকমা (৩২) ও অপরজন স্থানীয় নির্মাণ শ্রমিক চট্টগ্রামের বাসিন্দা মো. সোহেল রানা (৩০)।

আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নীরন চাকমা হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে অভিযোগ করেছেন। পানছড়ি উপজেলার পুজগাং উপরের বাজারের ইউপিডিএফের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিস ভাংচুর ও পুড়িয়ে দিয়ে যাওয়ার সময় পুজগাং বাজারের নির্বাচনী অফিসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এদিকে, জেএসএসের পক্ষ থেকে ঘটনার দায় অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে চালু হলো একশো টাকার কয়েন (ছবি অ্যালবাম)

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে জানিয়ে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) মো. নুরুল আলম সাংবাদিকদের বলেন, নিহত দু’জনের মধ্যে একজন উপজাতীয় ব্যবসায়ী ও অপরজন অ-উপজাতীয় নির্মাণ শ্রমিক। পুলিশ, সেনা বাহিনী ও বিজিবি লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

ইত্তেফাক/এমআই