নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টাঙ্গাইল-৭ আসনের জাপার প্রার্থী জহির

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:০৩

অনেক জল্পনা-কল্পনা শেষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) মো. জহিরুল ইসলাম জহির। নির্বাচন থেকে সরে গিয়ে মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের নৌকার পক্ষে কাজ করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। জহির শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে আসায় এ আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন ভোটাররা।

সোমবার জাতীয় পার্টির নেতৃবৃন্দ জানান, লাঙ্গল প্রতীক না মহাজোটের পক্ষে নির্বাচন করবেন এ নিয়ে রবিবার উপজেলা জাতীয় পার্টি মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে জরুরি সভার আয়োজন করা হয়। সভায় পৌরসভা ও ১৪ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

আরো পড়ুন: রাজশাহী-৫: ধানের শীষ প্রতীক পেলেন নজরুল মণ্ডল

উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ভিপি মো. আবু আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- পৌর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মো. সাইদ আনোয়ার, সাধারণ সম্পাদক মো. আশরাফ আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. ছিবার উদ্দিন ছিবার, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের প্রার্থী মো. জাহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শামীম আল মামুন এবং আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লাহেল শাফী প্রমুখ।

এ ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের (লাঙ্গলের) প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির বলেন, রবিবারের জরুরি সভায় পৌর ও ১৪ ইউনিয়নের নেতাকর্মীরা মতমত দিয়েছেন। তারা মহাজোটের প্রার্থী মো. একাব্বর হোসেনের (নৌকার) পক্ষে কাজ করবেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যে কোন সিদ্ধান্ত দ্রুত জানানো হবে।

ইত্তেফাক/বিএএফ