টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপারের নিরাপত্তারক্ষী ক্লোজড

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:২০

নানা অনিয়ম, দুর্নীতিসহ সরকারি গোপনীয় তথ্য পাচারের অভিযোগে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপারের (মির্জাপুর সার্কেল) ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কনস্টেবল মো. সোহাগ মিয়াকে (৩৭) ক্লোজড করা হয়েছে। সোমবার ক্লোজড করার পর তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তার স্থলে মো. সাইফুল ইসলামকে সহকারী পুলিশ সুপার নতুন নিরাপত্তারক্ষী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. সোহাগ মিয়া টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আফসার উদ্দিন খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এখানে কর্মরত থাকা অবস্থায় তিনি সরকারি আইন অমান্য করে নানা অনিয়ম, দুর্নীতি ও অফিসের সরকারি গুরুত্বপূর্ণ তথ্য উৎকোচের বিনিময়ে বাহিরের লোকজনের কাছে (পাচার) ফাঁস করে আসছিলেন। এতে করে অফিসের ভাবমূর্তি ক্ষুন্নসহ পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন দেখা দেয়। সোহাগের তথ্য পাচারের ঘটনা ফাঁস হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোহাগের বিরুদ্ধে তদন্তে নামে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সোহাগকে ক্লোজড করে টাঙ্গাইল পুলিশ লাইনে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন: হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঘাটাইলে বিক্ষোভ

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আফসার উদ্দিন খান বলেন, সোহাগের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। বর্তমানে সাইফুল ইসলাম তার নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/বিএএফ