নিজ ভেন্যুতে স্বাগতিকদের হার জিতেছে শেখ জামাল ও আরামবাগ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

স্পোর্টস রিপোর্টার

শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিজেদের প্রথম খেলায় হারের কবলে পড়লেও দ্বিতীয়টিতে এসে জয়ের মুখ দেখেছে। জয় পেয়েছে আরামবাগও। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় উভয় দলই জিতেছে ২-১ ব্যবধানে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদকে। অপরদিকে চট্টগ্রামে আরামবাগের জয়টি ছিল চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে। এলিটা কিংসলের জোড়া গোল ঢাকার দলটির জয়কে সহজ করে দেয়।

এ খেলাটিতে সবকটি গোলই করেন বিদেশি ফরোয়ার্ডরা। লিগে এখন পর্যন্ত যে কটি গোল হয়েছে তাতে কেবল দুটি গোল করেছেন স্থানীয় ফরোয়ার্ডরা। গত সোমবার ময়মনসিংহে মোহামেডানের বিরুদ্ধে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে জয়সূচক প্রথম গোলটি করেন স্থানীয় ফুটবলার ইয়াসিন আরাফাত। এরপর গতকাল চট্টগ্রামে দলকে জেতাতে না পারলেও গোল করতে সক্ষম হন ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি।

আগের খেলায় চট্টগ্রাম আবাহনীর কাছে হারের পর কাল শেখ জামালের পক্ষে ৪২তম মিনিটে গোলটি করেন গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর জাবির। জাহিদ হোসেনের ডান দিক থেকে দেওয়া ক্রসে ওমর প্রথমে হেডে বল জালে পাঠাতে চেয়েছিলেন। গোলরক্ষক প্রথমত এটি রুখতে পারলেও বল যায় ফরোয়ার্ডটির কাছেই। চকিতে শট নিয়ে তিনি তা জালে পাঠালে এগিয়ে যায় সাবেক চ্যাম্পিয়নরা।

মুক্তিযোদ্ধা সংসদ বিরতির পর খেলা শুরু হলে দ্বিতীয় মিনিটেই পল এমিলের গোলে সমতা ফেরায়। কিন্তু নিজেদের ভেন্যুতে অনুষ্ঠিত খেলাটিতে এই সমতা ধরে রাখতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদের দলটি। ৭৩তম মিনিটে আবারও গোল হজম করে স্বাগতিকরা।

গত লিগে ষষ্ঠ হওয়া শেখ জামালকে এ দফায় এগিয়ে দেন আরেক গাম্বিয়ান সলোমন। ডান দিক থেকে মোজাম্মেল হোসেন নিরার ক্রসে হেডে বিপক্ষ গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতমকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। অবশিষ্ট সময়ে গোলটি ধরে রাখতে সমর্থ হয় শেখ জামাল।

সংগত কারণে খেলাটি ছিল মুক্তিযোদ্ধাদের জন্য হতাশার। আপন ভেন্যুতে নিজেদের প্রথম খেলায় হার দিয়ে শুরু করতে হলো তাদের।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আরামবাগের হয়ে এলিটা ৩৮ ও প্রথমার্ধে যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে গোল দুটি করেন। রনি বিরতির আগে যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে সমতা ফেরালেও স্বাগতিকরা তা ধরে রাখতে পারেনি।

আজ প্রিমিয়ার লিগে কোনো খেলা নেই।