স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াই। গেল আসরের রানার আপ দল টটেনহ্যাম হটস্পারের এখানে স্বাভাবিক নিয়মেই স্নায়ুচাপে ভোগার কোনো কারণ নেই। আর দলের কোচ যখন নক আউট পর্বের বিশেষজ্ঞ কোচ হোসে মরিনহো, তখন চাপটা এক নিমিষেই উবে যাওয়ার কথা।
কিন্তু, আদতে আজ রাতের ম্যাচের আগে সেটা হচ্ছে না। সেটা যতটা প্রতিপক্ষ জামার্ন দল আরবি লিপজিগের জন্য, তার চেয়েও বেশি তাদের কোচ জুলিয়ান ন্যাজেলসম্যানের জন্য। জার্মান এই অল্প সময়ের ক্যারিয়ারের এতটা সুনাম কুড়িয়ে ফেলেছেন যে তাকেই এরই মধ্যেই ‘বেবি মরিনহো’ খেতাব দিয়ে ফেলেছে ইউরোপিয়ান গণমাধ্যম। আজ তার সামনে অপেক্ষা করছেন আসল মরিনহো।
ন্যাজেলসম্যানের বয়স মাত্র ৩২। মরিনহোর চেয়ে তিনি ২৫ বছরের ছোট। এমনকি, মরিনহোর চেয়ে ট্রফির সংখ্যার দিক থেকেও তিনি ২৫ ব্যবধানে পিছিয়ে আছেন। তবে, মরিনহোর মতো তিনিও মাঠের বাইরের বিতর্কিত ও আলোচিত মন্তব্যের জন্য বিখ্যাত।
এখানেই শেষ নয়, টটেনহ্যামের কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনোর বিদায়ের পর নতুন কোচ হিসেবে জার্মানির এই ন্যাজেলসম্যানের নামও শোনা যাচ্ছিল বিস্তর। যদিও বেবি মরিনহো নয়, চাকরিটা পেয়েছেন আসল মরিনহোই।
তবে আজ আক্ষরিক অর্থেই মরিনহোর জন্য সত্যিকারের পরীক্ষা নিয়ে হাজির হতে পারেন ‘বেবি মরিনহো।’ কারণ, সাম্প্রতিক সময়ে মাঠে চূড়ান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে ন্যাজেলসম্যানের দল। বুন্দেসলিগায় চলতি মৌসুমে প্রতি ৯০ মিনিটে ২.৪১ হারে গোল করেছে লিপজিগ। ইউরোপের সেরা পাঁচটি লিগের মধ্যে তাদের চেয়ে এখানে এগিয়ে আছে কেবল আর চারটি দল।
সেক্ষেত্রে মরিনহো তার পুরনো কৌশলে আবারও ফিরে যেতে পারেন আজকের ম্যাচে। টটেনহ্যামের জমানায় আদি রক্ষণাত্মক মরিনহোকে এখন পর্যন্ত দেখা যায়নি। কে জানে, আজ হয়তো বেবি মরিনহোকে রুখতে স্বরূপে হাজির হবেন মরিনহো!
মাঠের লড়াইয়ের আগে অবশ্য মরিনহোকেই এগিয়ে রাখছেন ন্যাজেলসম্যান। এটাও জানালেন যে, লিপজিগের বিপক্ষে একবার এগিয়ে যাওয়ার পর মরিনহো কেমন কৌশল অবলম্বন করতে পারেন। মরিনহোর প্রতি শ্রদ্ধা রেখে তিনি বললেন, ‘যেকোনো পরিস্থিতিতেই অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকবে হোসে (মরিনহো)। সে অসংখ্য নকআউট ম্যাচ জিতেছে। আর একবার এগিয়ে যাওয়ার পর ওর দল কী করতে পারে কিংবা প্রথম গোল হজম করলে বা শেষের দিকে গোল করার ক্ষেত্রে কী করণীয়—সবই ওর নখদর্পণে।’
