সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে মঙ্গলবার ছেলের হাতে মা খুন হয়েছেন বলে জানা গেছে। নিহত রাশিদা বেগম (৬৫) মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক জিন্নাহর স্ত্রী। ঘটনার পর থেকে ছেলে নাহিদুল ইসলাম নিয়ন পলাতক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই পুত্রবধূকে আটক করেছে পুলিশ। নিহতের পারিবারির সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিয়ন জুয়া খেলে অনেক টাকা ঋণ করে। টাকার জন্য বিভিন্ন সময় মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিয়ন তার মাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যায়। পুলিশ সুপার হাসিবুল আলম জানান, হত্যায় ব্যবহূত ছুরি উদ্ধার করা হয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করা হবে।
