মাশরাফির নির্বাচনী প্রচারণায় তরুণদের ঢল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৭

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজার প্রচারণায় ঢল নেমেছে তরুণদের। নড়াইলের লোহাগড়ায় মাশরাফি যেখানেই যাচ্ছেন সেখানেই উঠছে তারুণ্যের ঢেউ।

সোমবার সকালে নড়াইলের নিজ বাসা থেকে বের হয়ে লোহাগড়া উপজেলা মিঠাপুর বাজার, কালিনগর বাজার, লাহুড়িয়াবাজার, মাকড়াইল হাইস্কুল মাঠ, বাতাসী বাজার, শিয়ারবর হাট, মানিকগজ বাজার, ছত্রহাজারী ও মরন মোড়ে পথসভা করেন মাশরাফি।

এদিন বিকালে জয়পুর ইউনিয়নের সিডি স্কুল মাঠে জনসভায় তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। আওয়ামী লীগের প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে আপনারা ভোট দেবেন। আপনাদের সেবা করার জন্য প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন।  নৌকায় ভোট দিলে নড়াইল-লোহাগড়ার উন্নয়ন হবে।’

আরও পড়ুনঃ শাহরিয়ার আলমের প্রচারণায় ক্রিকেটার মিরাজ

আরেক জনসভায় মাশরাফি বলেন, ‘আপনারা আমাকে যোগ্য মনে করলে ভোট দেবেন। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন।’

ইত্তেফাক/টিএস