মুজিববর্ষে ১১তম গ্রেড বাস্তবায়ন হোক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

বর্তমান নিয়োগবিধি অনুযায়ী প্রধানশিক্ষক এবং সহকারী শিক্ষক যেহেতু একই যোগ্যতা ও একই প্রশিক্ষণ নিয়ে চাকরিতে প্রবেশ করেন, সুতরাং শুধু পদ দুটির কারণে কয়েক ধাপ বেতনস্কেলের পার্থক্য সৃষ্টি করে সহকারীদের বঞ্চিত করা সমীচীন নয়। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধানশিক্ষকের ঠিক পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণের নিমিত্ত আর্থিক অক্ষমতার দোহাই নয় বরং জাতি গঠনের এই আঁতুরঘরগুলোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা খুব বেশি দরকার। নার্সরা এইচএসসি+ডিপ্লোমা=১০ম গ্রেড, এসএসসি+কৃষি ডিপ্লোমা=১০ম গ্রেড, সচিবালয়ের ক্যাটালগারগণ ১৪তম থেকে ১০ম গ্রেড, বিভিন্ন অফিসের উচ্চমান সহকারীগণ ১০ম গ্রেড ও প্রধান সহকারীগণ ১০ম গ্রেড; অথচ প্রাথমিক শিক্ষকরা স্নাতকোত্তর +ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে)=১৪তম থেকে মাত্র ১৩ গ্রেডে উন্নীত করা হচ্ছে। কেন অন্যান্য বিভাগ ও প্রাথমিক সহকারীদের মধ্যে গ্রেডের পার্থক্য থাকবে? সূর্যের আলোয় যেমন সবার সমান অধিকার, তেমনি বেতন গ্রেডের অধিকারও সবার জন্য সমান হওয়া বাঞ্ছনীয়।

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ফিনল্যান্ডের বিশ্বসেরা হওয়ার মূল কারণগুলো আমরা যদি একটু লক্ষ করি: ক) প্রাথমিক শিক্ষকদের সর্বোচ্চ বেতনভাতাসহ সামাজিক উচ্চ মর্যাদা দান। খ) খেলার মাধ্যমে শিক্ষা বা গেমিং এডুকেশন। গ) সহনীয় পর্যায় শিক্ষক-ছাত্র অনুপাত ১:২০। ঘ) একজন শিক্ষক বছরে ছয় শ কর্মঘণ্টা পরিশ্রম করে যা দৈনিক ৪ ঘণ্টার মতো। ঙ) বয়ঃসন্ধিকালে সকালের ঘুম খুবই প্রয়োজন বলে স্কুলগুলো দেরিতে শুরু করে দুপুরেই শেষ এবং এর মধ্যে কয়েকটি বিরতি থাকে। যাঁরা তৃণমূলে কাজ করছেন, সমস্যার গভীরে যাওয়া তাঁদর পক্ষে যতটা সহজ, অন্যের পক্ষে ততটা নয়। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে এখনি উপযুক্ত সময় প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ দাবিগুলো দ্রুত বাস্তবায়নে নজর দেওয়া : ক) সহকারীদের ১১তম ও প্রধানশিক্ষকদের ১০ম গ্রেড। খ) শতভাগ পদোন্নতির মাধ্যমের সহকারীদের জন্যে অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত হওয়ার সুযোগ রাখা। গ)ছাত্র ও শিক্ষকদের কথা বিবেচনা করে বিদ্যালয়ে সময়সূচি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা। পরিশেষে, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হোক সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধানশিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন।

হুমায়ুন কবির, সহকারী শিক্ষক,

কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,

সদর, ময়মনসিংহ