ভোলায় মন্দিরের ভিতর থেকে নির্মল ভট্টাচার্য্য (৬০) নামের এক সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নির্মল খুলনা জেলার পাইপগাছা থানার হরিঢালী গ্রামের বৈদ্যনার্থ ভট্টাচায্যের ছেলে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে ভোলার শহরের খাল পাড় এলাকার শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দির থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : এক ঘরে স্বামী-স্ত্রীর লাশ
স্থানীয়রা জানান, নির্মল প্রায় দুই বছর ধরে ভোলার শহরের খাল পাড় সংলগ্ন তরকারি বাজার এলাকার শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দিরের সেবায়েতের দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মন্দিরের কর্মরত অঞ্জলী রানী চক্রবর্তীর সাথে কোন এক কারণে তার ঝগড়া বাধেঁ। ঝগড়ার এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়। এ নিয়ে অঞ্জলী রানী মন্দির কমিটির কাছে অভিযোগ দায়ের করেন। পরে মন্দির কমিটির লোকজন সেবায়েত নির্মল ভট্টাচার্য্যরে সাথে কথা বলে। পরে এ ঘটনা নিয়ে বুধবার সকালে আলোচনায় বসবে বলে তারা তাকে জানিয়ে চলে যায়। রাত ৯ টার দিকে মন্দিরের অন্যান্য লোকজন মন্দিরের ভিতরে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে।
ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে আমরা ওই সেবায়েতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়না তদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্তের জন্য ওই মন্দিরের প্রতিটি সিসি ক্যামেরা ভিডিও সংগ্রহ করা হচ্ছে বলেও জানান ওসি।
ইত্তেফাক/এমআরএম
