মা হ মু দু ল আ মি ন
স্বাভাবিক কর্মতত্পরতার বাইরেও ব্যান্ড ‘পার্থিব’ বরাবরই বিশেষ দিবস কিংবা উত্সবে নিজেদের সম্পৃক্ত রাখতে নতুন নতুন গান প্রকাশ করে। গত ভালোবাসা দিবসে ‘পার্থিব’ প্রকাশ করেছে বিশেষ একটি গান, নাম ‘ভালোবাসার দিবসে’। গানটির কথা লিখেছেন সুমনা আর সুর দিয়েছেন দলনেতা রুমন। ভালোবাসার কথা ও সুরে বাঁধা গানটির ভিডিও প্রকাশ হয় গত ১৩ এপ্রিল ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এছাড়াও গানটি শোনা যাচ্ছে বিভিন্ন মোবাইল অপারেটরের অডিও স্ট্রিমিং অ্যাপগুলোতে। শুধু দেশেই নয় সারাবিশ্বে গানটি শোনা যাবে সবগুলো গুরুত্বপূর্ণ মিউজিক প্লাটফর্মে প্রবেশ করে। যেমন—স্পটিফাই, আইটিউনস, অ্যাপল মিউজিক, গুগল প্লে, ডিজার, ন্যাপস্টার, স্বাধীন অ্যাপ প্রভৃতি। এরইমধ্যে গানটি শ্রোতাদের মন জয় করতে শুরু করেছে। সেইসঙ্গে সংগীতবোদ্ধারাও গানটির প্রশংসা করছেন। গত ডিসেম্বরের শেষদিকে ব্যান্ডটি প্রকাশ করে চলমান শীত মৌসুমকে লক্ষ্য করে—‘শীতের রাত্রি’ শিরোনামের গান, যা শ্রোতা মহলে প্রশংসিত হয়েছে।
ব্যান্ডটির ভোকাল ও গিটারিস্ট রুমন বলেন, ‘আমরা চেষ্টা করছি শ্রোতাদের নিয়মিত ভালো গান উপহার দিতে। চেষ্টা করছি গানে গানে সময়টাকেও ছুঁয়ে যেতে, প্রতিটি দিবস আর উত্সবকে রাঙিয়ে দিতে। এ বছর আরও গোটা চারেক গান রিলিজ করার ইচ্ছা আছে আমাদের’। তিনি আরও বলেন, ‘এবারও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ সেরা ব্যান্ডের ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল ‘বন্ধু’ গানটির জন্য। ব্যান্ড হিসেবে পুরস্কার না জিতলেও দলটির অন্যতম সদস্য কিবরিয়া পেয়েছেন সেরা সাউন্ড ইঞ্জিনিয়ারের পুরস্কার’। জানা যায়, বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছে পার্থিব। পাশাপাশি চলছে নতুন গানের কাজ।
