ভারতেশ্বরী হোমসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯

মীর আনোয়ার হোসেন টুটুল

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

 

গত শনিবার বসন্তবরণ উপলক্ষে নারী শিক্ষা, নারী জাগরণ ও নারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্স সেজেছিল বর্ণিল সাজে। বর্ণিল এই আয়োজন উপভোগ করতে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত ৮ দেশের রাষ্ট্রদূত, ফ্যাশন ডিজাইনা বিবি রাসেল এবং বিদেশি সংস্থা ইউএন ও ইউএন এফপিএ-এর কর্মকর্তারা। টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও ভারতেশ্বরী হোমসে অতিথিদের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এদিন সকাল থেকেই কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের যৌথ উদ্যোগে শুরু হয় বসন্ত বরণ উত্সব। বসন্তবরণ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন রাস্তা ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সামনে এসে পৌঁছালে তাদের সঙ্গে একে একে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। এ সময় ক্যাম্পাসে উত্সবের আমেজ সৃষ্টি হয়। অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন ও তার স্ত্রী তেরেসা আলবর, জাপানের রাষ্ট্রদূত এইচই নাওকি, সেকেন্ড সেক্রেটারি ইবিহারা কেনজি, সুইড্রেনের রাষ্ট্রদূত চারলুট্রা স্লেটার, ব্রাজিলের রাষ্ট্রদূত জুয়াও তাবাজারাডি আলভেরা জুনিয়র, মালদ্বীপের রাষ্ট্রদূত আহসাত সানা সাকির, ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ জজ কোবেরী, নেপালের রাষ্ট্রদূত এইচই ড. বানশিধর, বিশিষ্ট্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলসহ কুমুদিনীর বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।