একুশের নতুন বই

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:২০

অনেক রাত জেগে থাকার পর

শামস আল মমীন

হাওলাদার প্রকাশনী

প্রচ্ছদ: শিবু কুমার শীল। মূল্য: ২০০ টাকা

 

শামস আল মমীন যুক্তরাষ্ট্রবাসী বাংলাভাষী কবি যাঁর কবিসত্তা বিকশিত হয়েছে সেখানকার দৈনন্দিন নাগরিক জীবনযাপনের মধ্যে বেড়ে উঠতে উঠতে। নিজের লেখা কবিতার সাত-আটটি সংকলন বাংলাদেশে আগেই প্রকাশিত হয়েছে। আমেরিকান কবিদের কবিতার একটি অনুবাদ-সংকলনও বাংলাভাষী পাঠকদের জন্য উপহার দিয়েছেন তিনি। ‘অনেক রাত জেগে থাকার পর’ তাঁর নতুন কবিতার বই। বাংলাদেশি কবিতায় ভিন্ন সাংস্কৃতিক মানসের অন্তর্ভুক্তি তাঁর লেখা বাংলা কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সমপ্রতি ইংরেজি ভাষায়ও কবিতা লিখছেন।

১৯৭১ কুমিল্লা পুলিশ লাইন্স

মামুন সিদ্দিকী

বাংলাদেশ পুলিশ, কুমিল্লা জেলা

প্রচ্ছদ: আনওয়ার ফারুক। মূল্য: ৪০০ টাকা

 

মুক্তিযুদ্ধের উষালগ্নে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কুমিল্লা জেলার পুলিশবাহিনীর প্রতিরোধ যুদ্ধের পূর্বাপর বিবরণ, শহিদ পুলিশ ও তাঁদের পরিবারের অমিত কষ্ট ও জীবনসংগ্রামের কথা এতদিন ছিল অজানা। বর্তমান গ্রন্থে লেখক অশেষ পরিশ্রম ও অনুসন্ধিত্সু মন নিয়ে মৌখিক ভাষ্যের ওপর ভিত্তি করে উপেক্ষিত সেই অধ্যায়ের বিস্তৃত বিবরণ ও মর্মার্থ তুলে ধরেছেন। কত রক্ত ও অশ্রু মিশে গেছে পুলিশ লাইন্সের মাটিতে, কত স্বপ্ন ও অঙ্কুর হয়েছে ধুলিসাত্—আবার সেই অপরিসীম ত্যাগের স্বর্ণফসলই স্বাধীন বাংলাদেশ—এই গ্রন্থ সেই সত্যের প্রতিধ্বনি।