অপরিকল্পিতভাবে মাটি কাটার অভিযোগ

রাজৈরে হঠাত্ দেবে গেছে শতফুট রাস্তা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরে এলজিইডির আওয়াধীন সাধুর ব্রিজ-কমলাপুর বাইপাস সড়কের প্রায় ১০০ ফুট জায়গা গাছগাছালিসহ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বিনা সাধুর আশ্রম সংলগ্ন কিসমদ্দি বাজিতপুর গ্রামের দেরাজউদ্দিন মুন্সীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এলাকার সাবেক মেম্বর মনু চৌকিদার জানান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে একটি স্লুুইস গেট নির্মাণের কাজ করছিল। প্রায় ১৫ দিন পূর্বে এস্কাভেটর দিয়ে রাস্তার পাশ থেকে মাটি কাটার সময় গাছপালাসহ রাস্তা ধসে পড়ার আশঙ্কায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও আশ্রমের সন্যাসীসহ এলাকাবাসী বাধা দেয়। রাজৈর উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারকে জানালে কয়েকদিন মাটির কাজ বন্ধ থাকে। বাধার মুখেও প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করে ঠিকাদার প্রতিষ্ঠান সপ্তাহখানেক পূর্বে পুনরায় অপরিকল্পিতভাবে মাটি কাটার কাজ শুরু করে। মঙ্গলবার ১০০ ফুট জায়গা জুড়ে গাছগাছালিসহ ১০ ফুট নিচে দেবে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজৈর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহানা নাসরিন জানান, বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, আমাদের সঙ্গে সমন্বয় বা পরামর্শ না করেই তারা কাজে হাত দেওয়ায় এ বিপত্তি ঘটেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে স্লুুইস গেটটি নির্মাণ করা হচ্ছে।  খাল থেকে মাটি কাটার সময় বড়ো বড়ো গাছে ওজনের ভারে মাটি সরে গিয়ে গাছসহ রাস্তা দেবে গেছে। এলজিইডির এ রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করে দেব।