রোগাক্রান্ত মুরগি বিক্রি
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
পটিয়ায় মাইকে ঘোষণা দিয়ে কম দামে রোগাক্রান্ত মুরগি বিক্রির ঘটনায় বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ পেয়ে বুধবার সকাল ১১টার দিকে পটিয়া পৌর সদরের থানার হাটমুখে মদিনা পোলট্রি মেলা নামের একটি দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান জানান, ৭০ টাকা কেজিতে রোগাক্রান্ত ও মরা মুরগি বিক্রি করে আসছিল দোকানটির মালিক। কয়েকটি মুরগি পরীক্ষা করে দেখা যায় মুরগিগুলো অসুস্থ এবং দোকানটিতে অনেক মরা মুরগি দেখা গেছে। প্রায় ২০০ মুরগি পুঁতে ফেলা হয়। দোকানের মালিক পালিয়ে গেলেও উপস্থিত থাকা তার ভগ্নিপতিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেখা নেওয়া হয়।
অভিযানে পটিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সরকার ও পটিয়া থানার পুলিশ সহযোগিতা করে।
