ময়মনসিংহের রাকিবুলের লক্ষ্য জাতীয় দল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

 ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের মেধাবী খেলোয়াড় ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃতী সন্তান রাকিবুল হাসানকে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয়দের এমন উত্সাহে উচ্ছ্বসিত রাকিবুল। জানালেন, আরো কঠোর পরিশ্রম দিয়ে জাতীয় দলে জায়গা করতে চান তিনি।

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে গতকাল বুধবার সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা দলের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তিনি বলেন, ‘আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি চির ঋণী। এভাবেই আমাকে সব সময় সমর্থন দিয়ে যাবেন, আমি যেন দেশের জন্য আরো অনেক ভালো কিছু করতে পারি। সেজন্য এখন আমার প্রধান লক্ষ্য জাতীয় দলে সুযোগ পাওয়া। সে লক্ষ্য নিয়েই কঠোর পরিশ্রম করে যাব।’

স্থানীয় সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। পরে পর্যাযক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাচিঝুলি স্পোটিং ক্লাব সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, জেলা ক্রিকেট কমিটির সভাপতি শওকত জাহান মুকুল, শাজ্জাদ জাহান চৌধুরী শাহিন, জহিরুল হাসান, জেলা ক্রিকেট কমিটি সদস্য কাজী আশরাফুল ইসলাম মিল্টন, কাচিঝুলি স্পোটিং ক্লাব সভাপতি ফরহাদ হাসান খান সংবর্ধনা প্রদান করে।