টেস্টের আগেই আসছেন মাসাকাদজা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ তার কাছে ‘সেকেন্ড হোম’। গত বছর বাংলাদেশের মাটিতেই ত্রিদেশীয় টি-২০ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতিটেনে ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। ৭১ রানের ইনিংস খেলে নিজের বিদায়কে রাঙিয়ে ছিলেন তিনি। তার বিদায়ী ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টি-২০ তে হারের বৃত্ত ভেঙেছিল জিম্বাবুয়ে।

পেশাদার ক্রিকেট ছেড়ে মাসাকাদজা এখন বোর্ড কর্মকর্তা। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করছেন এই সাবেক অধিনায়ক। নতুন পরিচয়ে এবার বাংলাদেশে আসছেন মাসাকাদজা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্টে উপস্থিত থাকবেন তিনি। গতকাল জিম্বাবুয়ের ম্যানেজার দিলীপ চৌহান জানিয়েছেন, টেস্টের আগেই বাংলাদেশে আসছেন মাসাকাদজা।

তিনি বলেন, ‘সে (মাসাকাদজা) এখন আমাদের বোর্ডের ক্রিকেট পরিচালক। টেস্টের আগেই সে ঢাকায় চলে আসছে। ম্যাচের সময় থাকবে।’ গত বছর অক্টোবরেই এই পদে যোগ দিয়েছিলেন তিনি।