ইত্তেফাক রিপোর্ট
পুরস্কারের প্রলোভন দেখিয়ে, কখনো বা জিনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত্কারী চক্রের সদস্য জামিল হোসেন ওরফে আজিম হুজুরকে (৩০) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার ফরিদপুরের মধুখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজিম হুজুর সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তা দিয়ে নতুন সিম কিনে বিকাশ অ্যাকাউন্ট খোলে। তারপর দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে আকর্ষণীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে, কখনো জিনের বাদশা সেজে প্রতারণা করে। প্রতারণার মাধ্যমে আদায় করা টাকা তারা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, সম্প্রতি প্রতারক চক্রটি জনৈক শিমুল মাহমুদের মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে জানায় যে, তিনি গোল্ডেন অফারের গ্রাহক হিসেবে ২ লাখ ২০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারের টাকা পেতে হলে তাকে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। শিমুল মাহমুদ লোভে পড়ে ৪৪ হাজার টাকা তাদের বিকাশ অ্যাকাউন্টে পাঠান। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি এ বিষয়ে গুলশান (ডিএমপি) থানায় মামলা করেন। এই মামলার সূত্র ধরে জামিল হোসেন ওরফে আজিম হুজুরকে গ্রেফতার করা হয়।
