ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার বিবেচনার আশ্বাস অর্থমন্ত্রীর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬

ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহারের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেক কমিয়ে গত ১৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি পরিপত্র জারি করে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। গতকাল অর্থমন্ত্রী এ বিষয়ে বলেন, যেহেতু ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেকে কমিয়ে আনা নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের সুদের হারও বেশি। দেখি এটা নিয়েও কিছু করতে পারি কি না। সঞ্চয়পত্র নিয়ে দেশে কোনো       নিয়ন্ত্রণ ছিল না। আমরা তো এগুলো চাইনি। ব্যাংক খাতে সুদের হার এক অঙ্কে নিয়ে আসাটা অনেক বড়ো কাজ। এটা করতে গেলে সম্পর্কিত সব উপকরণে হাত দিতে হবে। সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় স্কিম করা হয়েছিল সাধারণ মানুষের জন্য; কিন্তু এগুলোতে বড়ো ধরনের অপব্যবহার হয়েছে।

উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি থেকে তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার ৬ শতাংশ করা হয়, যা এত দিন ১১ দশমিক ২৮ শতাংশ ছিল। মূলত ব্যাংকের আমানতের সুদহার কমানোর সঙ্গে সমন্বয় করতে গিয়ে এমনটি করা হয়েছে। ব্যাংকের সুদের হার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের এমন কোনো দেশ নেই, যেখানে ব্যাংকে টাকা রাখলে এত বেশি সুদ দেওয়া হয়। যারা ডাকঘরে সঞ্চয় করছে তারা কারা, তাদের আইডেন্টিফিকেশন নম্বর দেব, যাতে বেশি কিনতে না পারে। দেশের গরিব মানুষ কষ্ট পাক আমি চাই না। তিনি বলেন, মানুষ সুদ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করছে, পৃথিবীতে কোনো দেশে এভাবে ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট দেওয়া হয় না, উলটো টাকা দিতে হয়।

টিসিবির জন্য চিনি ও তেল ক্রয়ের অনুমোদন :আসন্ন রমজান মাসে চাহিদা ও সরবরাহের যোগান ঠিক রাখতে টিসিবির জন্য ২৫ হাজার মেট্রিক টন চিনি এবং ৩০ হাজার মেট্রিক টন সয়াবিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম জানান, সর্বনিম্ন দরদাতা হিসেবে সিটি সুগার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৬১ দশমিক ২৫ টাকায় প্রতি কেজি চিনি কেনা হবে। গুদাম পর্যন্ত পৌঁছে দেওয়ায় এই মূল্য প্রযোজ্য হবে। সভায় ৩০ হাজার মেট্রিক টন সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়ার বিষয়ে তিনি জানান, বসুন্ধরা গ্রুপ ও সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে দুই লিটার এবং পাঁচ লিটারের বোতলে কেনা হবে।