পাহাড় চূড়োয় উঠে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২

দার্জিলিং শহরে গেছেন যারা তারাই বুঝবেন

কী বিস্ময় কী রহস্য পার হয়ে যেতে হয় বহু উচ্চতায়

মেঘের ওপরে মেঘ ঠেলে পার হলে তবে জনপদ

সেই মেঘলোক থেকে সরু আঁকাবাঁকা পথ শুধু শূন্যতার।

 

এই শূন্যতাকে ধরে ওজন করুন অস্তিত্বের

পর্বতশৃঙ্গের কথা থাক, হঠাত্ উড়াল দিয়ে

চলে যান হিমালয় থেকে আরও দূর উচ্চতায়

সেখানে অস্তিত্ব আর শূন্যতার গল্প পাওয়া যাবে।

 

গোলাকার পৃথিবীর চেহারা দেখেছি ঠিক

একটি বলের মতো হাজার হাজার ফুট

উঁচু দিয়ে যেতে যেতে, দূরবর্তী যাত্রা হলে

বিশাল বোয়িং থেকে পৃথিবী যে গোলাকার

সে ধারণা পাওয়া যেতে পারে

সুদূর মেঘের পথ পার হয়ে।

 

একদিন ঘুমের ঘোরে এইভাবে একা

পাখির স্বভাবে উড়ে যেতে যেতে

পেয়ে যাই শূন্যতার স্বরূপ সন্ধান

সমুদ্র এবং মেঘ এবং মৃত্তিকা সবই ফাঁকা

সরে যায় পায়ের নিচের মাটি। সরে যায় মেঘ

ঘাসের ওপর থেকে ঘাসের আড়ালে চাপা পড়ে যায় সমস্ত ভ্রমণ।