একটা সময় আসে যা কেবল একবার আসে
অথচ বদলে দেয় চেনা পথ আর ইতিহাস
আমরা তো পুত্তলিকা পৌত্তলিকতার কূটাভাসে
পুকুরে সাঁতার কাটে সঙ্গসুখী সাদা রাজহাঁস
তখনো ঘটনা ছিল অঘটনে মৃত দূর্বাঘাসে
প্রভাতমিছিলে ছিল প্রদোষের আলোর আভাস
মানুষের বুকে রক্ত ছিল সন্নিহিত সর্বনাশে
কালের কপাট খুলে জেগেছিল পুবের আকাশ
এইসব অনুভব গল্প বলে মায়ের ভাষায়
বনের সৌন্দর্যে লাল আর সবুজের অভিসার
জলের যে কান্না ঝরে জলধির নীল প্রত্যাশায়
তার কাছে হার মানে শাসনের সকল সংহার
সমাজ সংসার বাঁচে বহুবাচনিক সভ্যতায়
একক একুশে ফেব্রুয়ারি জিয়নকাঠি বাংলার
