বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশে সংস্কৃতিচর্চার একটি জাতীয় প্রতিষ্ঠান। সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার একাডেমির সকল বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়। বিকেল ৪টা থেকে ‘সংস্কৃতির পাঠশালা’ শিরোনামে একাডেমির সকল বিভাগের প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রশিক্ষণের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বাঁশি, বেহালা, সেতার, সরোদ, স্টাফ নোটেশন ও পিয়ানো, কত্থক নৃত্য, ভরতনাট্যম, গৌরিওসহ ১৪টি বিষয়ভিত্তিক প্রশিক্ষণে ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিকেল ৫টা ৩০ মিনিটে একাডেমির নন্দনমঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির শিল্পীদের অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং বাউল দলের পরিবেশনা ‘বেঁধেছে এমনই ঘর’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসিম কুমার উকিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এাকডেমির সচিব মো. বদরুল আনম ভূঁইয়া।
