রাওয়ালপিন্ডি থেকেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩

সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের বিবর্ণ সময়টা ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। গত বছরের শুরুতে নিউজিল্যান্ড সফর থেকে যার শুরু। দেশের মাটিতে, বিদেশে টেস্ট ক্রিকেটে ধুঁকছে বাংলাদেশ দল। সর্বশেষ ছয় টেস্টের পাঁচটিই ইনিংস ব্যবধানে হার। ঘরের মাঠে শেষ টেস্টেও আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। পাকিস্তান সফরের প্রথম টেস্টে ইনিংস হারের পর ক্রিকেটাররাও বুঝতে পেরেছেন সময়টা ভালো যাচ্ছে না। রাওয়ালপিন্ডিতে ম্যাচের পরই টিম মিটিংয়ে বসেছিল গোটা দল।

ঐ মিটিং থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে মুমিনুল হকের দল। মিরপুর স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল শুরু হতে চলা টেস্টেই স্বস্তির রসদ পেতে চায় বাংলাদেশ। পরাজয়ের দেওয়াল ভেঙে জয়ের পথে হাঁটতে বদ্ধপরিকর ক্রিকেটাররা। গতকাল অনুশীলনের পর এমনটাই জানিয়েছেন ওপেনার সাইফ হাসান।

জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটা জিততে মরিয়া বাংলাদেশ। একমাত্র টেস্টে ভালো কিছু করে দলের মাঝে আত্মবিশ্বাস ফেরানোই সবার লক্ষ্য। যা চলতি বছরের বাকি টেস্টগুলোতে প্রেরণা জোগাবে দলকে। রাওয়ালপিন্ডিতে হারের পরই ঘরের মাঠ থেকে নতুন শুরুর পরিকল্পনা করেছে মুমিনুল বাহিনী।

গতকাল সাইফ হাসান বলেছেন, ‘শেষ টেস্ট হারের পর আমরা সবাই বসেছিলাম। তো ওখানে আমরা সবাই নতুন করে শুরু করার চেষ্টা করছি, পরিকল্পনা করার চেষ্টা করছি কীভাবে আরো ভালো করা যায়। ছোটো ছোটো জিনিস থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি সামনের টেস্ট থেকে এটা শুরু হবে। ভালো একটা ফলাফল সামনে পেতে থাকব আশা করি।’

গতকাল দুপুরে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ফুটবলের ওয়ার্মআপের পর নেটে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। সবমিলিয়ে টেস্টের জন্য দলের প্রস্তুতি ভালো হয়েছে বলেই বিশ্বাস সাইফ হাসানের। তরুণ এ ওপেনার গতকাল বলেছেন, ‘প্রস্তুতি আমাদের খুব ভালো। দুই দিন ধরে আমরা অনুশীলন করছি। এর আগেও সবাই যার যার মতো প্রস্তুত হচ্ছি। যে যেখানে খেলতে গিয়েছিল যার যার মতো প্রস্তুত হচ্ছে। আশা করি ভালো কিছু হবে।’

জিম্বাবুয়েকেও ছোটো করে দেখছে না বাংলাদেশ। তবে নিজেদের প্রক্রিয়ার দিকেই নজর দিতে চায় স্বাগতিকরা। সাইফ হাসান বলেছেন, ‘আসলে কোনো দলকেই ছোটো করে নেওয়ার কিছু নেই। কিন্তু যদি আমরা প্রক্রিয়ায় ঠিক থাকি বেশ ভালো কিছু হবে। তেমন ছোটো করে নেওয়ার কিছু নেই কোনো দলকে।’

পাকিস্তান সফরটা ভালো যায়নি সাইফ হাসানের। ডানহাতি এই ব্যাটসম্যান ওপেনিং করেছেন। কিন্তু অভিষেকে দুই ইনিংস মিলে ১৬ রান করেছেন। টেস্টের কঠিন বাস্তবতা বুঝতে পেরেছেন এ তরুণ। তিনি বলেছেন, ‘এতটা সহজ হবে না। কিন্তু এ লেভেলে আসার জন্যই সব কিছু করা। চেষ্টা করব সামনের ম্যাচে যদি সুযোগ আসে ভালো খেলার। আমরা যেভাবে খেলে আসছি ঘরোয়া ক্রিকেটে সেদিক থেকে চিন্তা করলে অত সহজ না। আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। প্রস্তুতি খুব ভালো হচ্ছে জাতীয় দলের। সুযোগ পেলে রান বড়ো করতে হবে।’

পারফরম্যান্সের খরায় টেস্ট দল থেকে বাদ পড়ার ভয়টা রয়েছে সাইফ হাসানের মনে। তবে রান করে নিজের জায়গা পাকা করার দিকেই মনোযোগী হতে চান এ তরুণ।