শ্রীলঙ্কা দল:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, কুশল পেরেরা, শাহিন জয়সুরিয়া, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষন সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।
সর্বশেষ পাকিস্তান সফরে না যাওয়া ১০ জনের মধ্যে অনেককে অন্তর্ভুক্ত করে দিমুথ করুনারত্নের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলবে এই দল। করুনারত্নে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন।
পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করা খেলোয়াড়দের মধ্য থেকে দলে ফেরাদের মধ্যে আছেন নিরোশান ডিকবেলা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা ও এ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার দানুস্কা গুনাতিলকা। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শেহান জয়সুরিয়া। পাকিস্তান সফরে নেতৃত্ব দিলেও বাজে ফর্মের কারণে ক্যারিবীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে। মিনোদ ভানুকা, ওশাদা ফার্নান্দো, কাসুন রাজিথা সাদিরা সামারাবিক্রমা এবং এ্যাঞ্জেলো পেরেরার মতো কয়েকজন তরুণ খেলোয়াড় পাকিস্তান সফর করলেও হাই প্রোফাইল খেলোয়াড়রা ফেরায় এবার বাদ পড়েছেন। ২২ মার্চ কলম্বোতে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে দুই দল। এরপর ২৬ ফেব্রুয়ারি ও ১ মার্চ যথাক্রমে হাম্বানটোটা ও পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ওয়ানডে শেষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দল দুটি।-বাসস
