গণআন্দোলন শুরু করতে আর বিলম্ব করা যাবে না :রিজভী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪০

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণআন্দোলন শুরুর আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গণআন্দোলন শুরু করতে আর বিলম্ব করা যাবে না। এই মুহূর্তে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ‘মিডনাইট’ সরকারকে আর সময় দেওয়া যাবে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মিছিল শেষে রিজভী এসব কথা বলেন। এর আগে শতাধিক নেতাকর্মীর একটি মিছিল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

রিজভী বলেন, অবিলম্বে  খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমাদের দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে।

গতকাল বিএনপির মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সম্পাদক- মোস্তাফিজুর রহমান মনির, সাবেক সদস্য ডা. জাহিদুল কবির, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন, মামুন ভূঁইয়া প্রমুখ।