যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা টেলিভিশন বিতর্কে ধনকুবের মাইকেল ব্লুমবার্গকে জোরালো আক্রমণ করলেন। ব্লুমবার্গ অতীতের ভুল স্বীকার করেও নিজেকে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে তুলে ধরলেন। চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক দলের কোনো প্রার্থী শেষ পর্যন্ত আসরে নামবেন, তা এখনো স্পষ্ট নয়। দলের মনোনয়ন পেতে জোরালো প্রতিযোগিতা চলছে। একের পর এক রাজ্যে প্রার্থীরা দলীয় ভোটারদের সমর্থন পেতে বিতর্কে অংশ নিচ্ছেন। প্রাইমারি পর্বে জনপ্রিয়তা পরখ করার সুযোগ গ্রহণ করছেন প্রার্থীরা।
ডয়চে ভেলে জানায়, বুধবার নেভাদা রাজ্যে এমনই এক বিতর্কে এই প্রথম অংশ নিলেন মাইকেল ব্লুমবার্গ। তিন দিন পর সেখানে প্রাইমারি পর্বে ভোটগ্রহণ হবে। দেরিতে প্রার্থিতা ঘোষণা করায় তিনি এত দিন এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র ও ধনকুবের নিজের প্রচার অভিযানের জন্য কোটি কোটি ডলার ব্যয় করে চলেছেন। অর্থবলে বাকি প্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন তিনি।
নেভাদায় দলের বাকি প্রার্থীরা ব্লুমবার্গের সমালোচনা করলেন। এই ডেমোক্র্যাট পানির মতো টাকা খরচ করে হোয়াইট হাউসে প্রবেশের ছাড়পত্র কিনে নেবার চেষ্টা করছেন বলে বাকিরা অভিযোগ করেন। তাছাড়া ব্লুমবার্গ মনোনয়ন পেলে মেয়র ও ব্যবসায়ী হিসেবে তার গোলমেলে কার্যকলাপের আলোকে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের ভরাডুবি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। নারীদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের কারণেও ব্লুমবার্গকে নিশানা করা হয়। এ ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে তার কোনো পার্থক্য নেই বলে এলিজাবেথ ওয়ারেন মন্তব্য করেন। নিউ ইয়র্ক শহরে কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক এক পদক্ষেপের জন্যও ব্লুমবার্গকে সমালোচনার মুখে পড়তে হয়। প্রবল আক্রমণের মুখে ব্লুমবার্গ কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও নির্বাচনে অংশ নেবার পক্ষে নিজের যুক্তি পেশ করেন তিনি।
