ঝিনাইদহ-১ আসনে মাঠ গরম করতে পারেনি বিএনপি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার ভিআইপি আসন হচ্ছে ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা)। এই আসনে নির্বাচনী মাঠে আছেন তিনজন প্রার্থী। তারা হচ্ছেন: আওয়ামী লীগের সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তিন-তিনবার এ আসন থেকে নির্বাচিত আব্দুল হাই, বিএনপি’র কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক হাইকোর্টের অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান আসাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এম রায়হানউদ্দিন। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও বিএনপি মাঠ গরম করতে পারেনি। উপজেলা সদরসহ ইউনিয়ন পর্যায়ে তাদের নির্বাচনী অফিসই খুলতে পারেনি।

জানা গেছে, বিএনপি প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ঘরোয়া প্রচারণা চালাচ্ছেন। অবশ্য বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। কর্মীদের মাঝে মামলা ও গ্রেফতার আতঙ্ক চলছে। এ আসনের অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের এম রায়হানউদ্দিন। তার পক্ষে মাইকিং করা হচ্ছে। স্বল্প পরিসরে কোথাও কোথাও হাতপাখার পোস্টার নজরে পড়ছে। জমজমাট প্রচারণা চালাচ্ছেন নৌকার প্রার্থী আব্দুল হাই। প্রতিদিন তিনি গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন। উপজেলা সদর ও ইউনিয়ন পর্যায়ে তার নির্বাচনী অফিসগুলো সবসময় নেতাকর্মীদের আনাগোনায় সরগরম থাকছে। তাদের প্রচারণায় গত ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। সর্বত্র শোভা পাচ্ছে নৌকা প্রতীক। বিএনপি’র অভিযোগের জবাবে প্রার্থী আব্দুল হাই বলেন, কোথাও তাদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে না। তাদের অভ্যন্তরীণ কোন্দলে মাইক ভাঙা হয়েছে বলে শুনেছেন। আওয়ামী লীগের কেউ এ কাজ করেনি। তিনি পাল্টা অভিযোগ করেন- তার চারটি নির্বাচনী অফিসে রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।