বরিশাল অফিস
বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন এবং ফেস্টুন উড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্য অতিথিরা। এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বরিশাল-পটুয়াখালী-ভোলা মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপাচার্য, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরসহ সমগ্র বরিশালবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, ছাত্র উপদেষ্টা, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তরপ্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
