পুলিশের হাত থেকে দুই আসামির পলায়ন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

১৫০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে গ্রামবাসীর হট্টগোলে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ দুই আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার উক্ত মামলায় মহিলাসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের মনসুর আলম (২৬), জীবন মিয়া (১৫), জাহানারা খাতুন (৩৩), শহিদা খাতুন (৫০), অলিনা খাতুন (৩০) ও রিনা আক্তার (১৯)। শনিবারই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পূর্ব জয়পুর গ্রামের জাহির মিয়া এবং তার ছোটো ভাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধে মামলা দায়ের করা হয়। শুক্রবার বিকালে ঐ মামলায় একদল পুলিশ জাহির মিয়া ও তার ছেলে হূদয়কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সময় ঐ গ্রামের একদল লোক পুলিশের সঙ্গে হট্টগোল সৃষ্টি করলে সুযোগ পেয়ে পুলিশের হাত থেকে আসামিরা হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে উল্লেখিত মামলাটি দায়ের করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।