রানের পাহাড়ে দক্ষিণাঞ্চল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৮

বিসিএল ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে রানের পাহাড়ে উঠেছে দক্ষিণাঞ্চল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলটি উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে করেছে ৩০৬ রান।

যদিও, এদিন দক্ষিণাঞ্চলের হয়ে কেউই সেঞ্চুরির দেখা পাননি। তবে, এক ঝাঁক ব্যাটসম্যান দলের বড়ো স্কোরে ভূমিকা রেখেছেন। সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার ফজলে মাহমুদ রাব্বি। আরেক ওপেনার এনামুল হক বিজয় করেন ৭৬ রান। উদ্বোধনী জুটিতে এই দুজন মিলে যোগ করেন ১৩৬ রান। রাব্বির ইনিংসে ছিল ৯টি চার ও দুইটি ছক্কা। অন্যদিকে পাঁচটি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান বিজয়।

এরপর মিডল অর্ডারে অবশ্য কেউই হাফ সেঞ্চুরিরও দেখা পাননি। বেশ কয়েক জন ভালো সূচনা পেয়েও ধরে রাখতে পারেননি। তিন নম্বরে নামা আল আমিন জুনিয়র করেন ৩৯ রান। এর বাদে মেহেদি হাসান করেছেন ৩৬ রান। চার নম্বরে নেমে ৩৭ রান করে অপরাজিত আছেন শামসুর রহমান শুভ। তার সঙ্গী আরেক অপরাজিত ব্যাটসম্যান ফরহাদ রেজার সংগ্রহ আট রান। এর বাদে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান করেন ১৮ রান।

উত্তরাঞ্চলের হয়ে প্রথম দিনের সবচেয়ে সফল বোলার পেসার রুয়েল মিয়া। তিনি নেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন আবু হায়দার রনি, সাকলায়েন সজিব ও আফিফ হোসেন ধ্রুব।