পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে সেমিস্টার ১-এ ছাত্রছাত্রী ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ অনুষদে ‘ব্যাচেলর অব লজ (অনার্স) ইন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রিশন’ ডিগ্রি প্রদানের কথা লেখা হয়। আইন বিষয়ে পড়ার প্রতি আকৃষ্ট আমিসহ আরো অনেকেই এখানে আবেদন করে এবং যথারীতি সুযোগ পেয়ে ভর্তি হই। কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস ৮ জানুয়ারি ২০২০ তারিখে হলেও ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের প্রথম সেমিস্টারের ক্লাস এখনো শুরু হয়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ডিগ্রি অর্জনের জন্য যেসব কোর্স পড়ানো দরকার সেগুলো এখানে পড়ানো হয় না এবং আইন বিষয়ের যথেষ্ট শিক্ষক নেই। প্রথম সেমিস্টারের অধিকাংশ ছাত্রছাত্রী দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে এই অনুষদে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ছেড়ে আইন পড়ার ইচ্ছা নিয়ে এখানে ভর্তি হয়। কিন্তু প্রশাসনের টালবাহানার কারণে তাদের ভবিষ্যত্ মনে হচ্ছে এখন হুমকির মুখে। তাই দ্রুত এই অচলাবস্থা দূর করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সায়হাম মাহবুব ফেরদৌস
ফ্যাকাল্টি অব ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রিশন, ২০১৯-২০ শিক্ষাবর্ষ,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
