আন্তর্জাতিক মানের রাস্তা গড়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী :অর্থমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৭

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের রাস্তাগুলোকে সুন্দর ও টেকসই এবং আন্তর্জাতিক মানে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নিয়মিত তাগিদ দেন। কিন্তু দেশের অনেক রাস্তায় মানসম্পন্ন বিটুমিন ব্যবহার করা হয় না। এই প্ল্যান্ট সেই মানসম্পন্ন বিটুমিনের ঘাটতি দূর করবে। তিনি বলেন, সোনার বাংলা একটি দর্শন। অভাব ও দারিদ্র্যমুক্ত সমাজ, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং মানসম্পন্ন জীবন নিশ্চিত করার মাধ্যমে সোনার বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব আমরা।

গতকাল শনিবার ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁওয়ে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির বিটুমিন প্ল্যান্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এটি দেশের প্রথম বেসরকারি বিটুমিন (পিচ) উত্পাদন কেন্দ্র। বার্ষিক উত্পাদন ক্ষমতা প্রায় ৯ লাখ মেট্রিক টন। আগামী মার্চে এতে বাণিজ্যিক উত্পাদন শুরু হতে পারে। এর ফলে দেশের যোগাযোগ অবকাঠামো খাতে আমদানি নির্ভরতা কমে গিয়ে দেশীয় শিল্পের আরো বিস্তার এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশে বর্তমানে মোট বিদ্যুতের অর্ধেকের বেশি উত্পাদন করছে বেসরকারি খাত। পরিকল্পিত নগর নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের বিকল্প নেই। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদানের জন্যই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান তানভীর, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

প্রসঙ্গত, জ্বালানি তেলের সর্বশেষ উপজাত পণ্য বিটুমিন। এটি মূলত সড়ক নির্মাণ ও উন্নয়নে ব্যবহূত হয়। দেশে বার্ষিক ৫ লাখ টন বিটুমিনের চাহিদা রয়েছে। প্রতি বছর এ চাহিদা ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে। বর্তমান চাহিদার ১০ শতাংশ চট্টগ্রামে সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে উত্পাদিত হয়। বাকিটুকু বিদেশ থেকে আমদানি করা হচ্ছে।

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি জানিয়েছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে প্রায় ২২ হাজার কিলোমিটার সড়ক ও মহাসড়ক রয়েছে। এর বড়ো অংশই সম্প্রসারিত হচ্ছে। সরকার দেশের প্রতিটি জাতীয় সড়ক চার ও ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। সারাদেশে স্থানীয় সরকারের অধীনে প্রায় ৩ লাখ ৫৪ হাজার কিলোমিটার রাস্তা  হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ ৫ হাজার কিলোমিটার পিচঢালা পাকা রাস্তা। স্থানীয় সরকারের সব রাস্তা পাকা করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে ভবিষ্যতে দেশে বিটুমিনের চাহিদা বৃদ্ধি পাবে। প্রকৌশলীদের চাহিদা অনুযায়ী সড়কে ব্যবহারের জন্য বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে পেনিট্রেশন গ্রেড (৬০/৭০, ৮০/১০০) বিটুমিন উত্পাদন করা হবে। এ ছাড়াও প্রিমিয়াম মানের (কাটব্যাক, ইম্যালসিফাইড, অক্সিডাইজড ও পলিমার) বিটুমিন উত্পাদনের সক্ষমতাও রয়েছে। প্ল্যান্টের স্টোরেজ ধারণ ক্ষমতা ৩৭ হাজার মেট্রিক টন। স্থানীয় চাহিদা মেটানোর পর বাড়তি উচ্চমানের বিটুমিন বিদেশে রপ্তানি করার পরিকল্পনাও করছে বেসরকারি কোম্পানিটি।