ব্রিটেনে নতুন করে চালু হবে নীল পাসপোর্ট

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৭

প্রায় ত্রিশ বছর পর আগামী মাসে ফিরে আসছে নীল রঙের ব্রিটিশ পাসপোর্ট। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিবিসি’র খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার পর বারগেন্ডি বা লাল রঙের পাসপোর্ট বাতিল করা হয়। ১৯২১ সালে চালু হয়েছিল নীল রঙের পাসপোর্ট এবং ১৯৮৮ সালে তত্কালীন ইউরোপীয় অর্থনৈতিক জোট বা ইউরোপীয়ান ইকোনমিক কমিউনিটির সদস্য হওয়ার পর পাসপোর্ট পরিবর্তনে রাজি হওয়ার আগ পর্যন্ত তা চালু ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, পাসপোর্ট আবারো আমাদের জাতীয় পরিচয়ের ধারকে পরিণত হয়েছে।  ব্রেক্সিট যুক্তরাজ্যকে বিশ্বে নতুন পথ তৈরি করার স্বকীয় সুযোগ তৈরি করে দিয়েছে এবং আইকনিক নীল ও সোনালী নকশায় ফিরে যাওয়ার সক্ষমতা দিয়েছে।

১৯৮০ এর দশক পর্যন্ত যুক্তরাজ্য তাদের পাসপোর্টের রঙ পরিবর্তনে ইচ্ছুক ছিল না। কিন্তু অন্য সদস্য দেশগুলোর সাথে মিলে পরে তা পরিবর্তন করে। পাসপোর্টের নকশায় পরিবর্তন আনাটা ব্রেক্সিট সমর্থকদের মধ্যে ঐক্যমতের বিষয়ে পরিণত হয়েছিল এবং ২০১৭ সালের ডিসেম্বরে সরকার ঘোষণা দিয়েছিল যে, নীল পাসপোর্ট ফিরে আসবে।