কর্তারা ‘অনিয়মে’ ডুবে থাকলে জনগণ হয়রানি হন: ভূমিমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৯

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, কক্সবাজার দেশের একটি অমূল্য সম্পদ। প্রধামন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে এখানে অর্ধশতাধিক মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্পে ভূমি অধিগ্রহণের বিষয়ে অভিযোগের শেষ নেই। প্রধানমন্ত্রী ঘোষণায় অধিগ্রহণের টাকা তিন গুণ দেওয়া হলেও বাস্তবতায় হয়রানির শিকার হচ্ছে ভূমি ক্ষতিগ্রস্তরা। কর্তারাই ‘অনিয়মে’ ডুবে থাকলে সাধারণ জনগণ হয়রানির স্বীকার হয়ে নি:স্ব হয়ে পড়ে। সব অভিযোগ দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

সোমবার কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, রোহিঙ্গা অপরাধী ও কক্সবাজারের স্থানীয় আসামিদের একই জেলখানায় রাখা হলে তারা স্থানীয়দের সঙ্গে মিশে যেতে পারে। তাই তাদের জন্য আলাদা সেল বা জেলখানা নির্মাণের প্রস্তাব বিবেচনা করা হবে।

সভায়, সরকারি প্লট দখলকারী ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সরকারি প্লট ভূমি দস্যুদের হাত থেক দ্রুত উদ্ধার করে নিজেদের কব্জায় নিতে হবে।

আরও পড়ুন: ‘সরকারি জায়গায় ঘর তুলছি, পাড়লে সরকার তুলে দেবে’

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি, রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহম্মদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহানসহ উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ। 

ইত্তেফাক/এসি