স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি এসডি এইবারের বিপক্ষে চার গোল করে বার্সেলোনাকে জিতিয়েছেন ৫-০ ব্যবধানে। ছুঁয়েছেন প্রথম ফুটবলার হিসেবে ১০০০ অফিসিয়াল গোলে সম্পৃক্ততার অনন্য এক কীর্তি। তার কীর্তির দিনে উপরি পাওনা হয়ে এসেছে রিয়ালের হার। লেভান্তের মাঠে ১-০ ব্যবধানের হারের ফলে পয়েন্ট তালিকার দুইয়ে নেমে গেছে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।
শনিবার রাতের ম্যাচের প্রথমার্ধেই মেসি হ্যাটট্রিক বার্সেলোনা তিন গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফেরার প্রত্যয়ে বার্সাকে চেপেই ধরেছিল সফরকারী এবার। ফাউলের খড়গে এ সময়ে একটি গোল বাতিলও হয় তাদের। অভিষিক্ত মার্টিন ব্রাথওয়েট মাঠে আসতেই পরিস্থিতি বদলায়। তার জোড়া যোগানে গোল করেন মেসি ও আর্থার মেলো। ফলে বড়ো জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে কাতালানরা।
কোচ সেতিয়েন জানান, এমন পারফরম্যান্সের অপেক্ষাই করছিল তার দল। মেসির দুরন্তপনার প্রশংসায় তিনি বলেন, ‘সে এটা ১৪-১৫ বছর ধরেই করে আসছে। ভবিষ্যতেও করতে থাকবে। যে কোনো দলের জন্য সে একটা গ্যারান্টির মতো। বাস্তবতা হচ্ছে সে দলের জন্য সবসময়ই থাকে, সেটা গোল করে হোক কিংবা গোল করিয়ে। এ কারণেই সে বিশ্বসেরা।’
ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো চার গোল করে এদিন ১০০০তম অফিসিয়াল গোলে সম্পৃক্ত হন মেসি। ফুটবল ইতিহাসে এমন কীর্তি নেই আর কারোই। মেসির কীর্তির দিনে লিগ গোলের দিক থেকে রিয়ালকে পেছনে ফেলেছে বার্সা। এই বারের জালে পঞ্চম গোলটি জড়ানোর পর নিজেদের লিগ ইতিহাসের ৬১৫১তম গোলটির দেখা পায় কাতালানরা।
৬১৫০ গোল করা রিয়ালের সুযোগ ছিল বার্সাকে টপকে যাওয়ার। লেভান্তের বিপক্ষে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে পয়েন্ট তালিকায়ও আর উপরে ওঠা হয়নি জিদানের শিষ্যদের। ৮০ মিনিটে স্বাগতিক লেভান্তের একমাত্র গোলটি করেন লুইস মোরালেস। হারের ক্ষত পুষিয়ে দেওয়ার সুযোগ হয়তো সামনেই আবার পাবে রিয়াল। তবে ম্যাচে এডেন হ্যাজার্ডের চোট বড়ো দুশ্চিন্তাই বয়ে নিয়ে এসেছে কোচ জিদানের জন্যে। এর ফলে হ্যাজার্ড ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যামিপয়ন্স লিগের প্রথম লেগে তো খেলতে পারবেনই না, ছিটকে যেতে পারেন বেলজিয়ান এই তারকা।
বছরের শুরু থেকে লিগে টানা পাঁচ জয়ের ধারাটা থেমেছিল আগের ম্যাচে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে। এরপর শনিবার রাতের এই হারের ফলে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল দলটি। তবে এতেও কোচ জিদান বিচলিত নন মোটেও, ‘কিছুই চিন্তায় ফেলতে পারে না আমাকে। কারণ এটাই ফুটবল এবং এখানে এমন হয়েই থাকে।’ তিনি আরো যোগ করেন, ‘চলতি মৌসুমে ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি আমরা। দুটো হারের ফলে মাথা নিচু করে ফেলা চলবে না আমাদের।’ পরবর্তী ম্যাচে আগামী বুধবার রাতে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে সিটির মুখোমুখি হবে। এর আগের রাতে বার্সা আতিথ্য নেবে ন্যাপোলির।
