ঢাকা ও ময়মনসিংহে কেউ জেতেনি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫

প্রিমিয়ার ফুটবল

 স্পোর্টস রিপোর্টার

ময়মনসিংহে প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যে লড়াইয়ে নাটকীয় ড্র (২-২) হয়েছে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে ছিল সাইফ স্পোর্টিং। সেই ম্যাচের শেষ মুহূর্তে যখন খেলা শেষে হয়ে যাবে ঠিক তখন দুই গোল শোধ করল সাইফ। ম্যাচটা ড্র হলো। ৫৯ মিনিটে সাইফের ফাহিম সরাসরি লালকার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে লড়াই করতে নেমে দুই মিনিট ব্যবধানে গোল হজম করে। ৬১ মিনিটে ব্রাজিলের নিক্সন, ৭৮ মিনিটে নাইজেরিয়ান চিনেডু ম্যাথিউ গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন (২-০)। ম্যাচের ৯০ মিনিট শেষ। ইনজুরি টাইমের খেলায় চট্টগ্রাম আবাহনী অপেক্ষায় ছিল খেলার শেষ বাঁশি শুনবে বলে। এরই মধ্যে ঘটল অঘটন। খেলার স্রোতের বিপরীতে ১০ নিয়ে খেলা সাইফের রুয়ান্ডার ফুটবলার এমেরি নাটকীয়ভাবে পর পর দুই গোল করলেন। নিশ্চিত হারতে থাকা সাইফ স্পোর্টিং ক্লাব মূল্যবান এক পয়েন্ট পেল।

সাইফ স্পোর্টিং এবং চট্টগ্রাম আবাহনীর একই পৃষ্ঠপোষক, সাইফ পাওয়ারটেক প্রতিষ্ঠান। তিন খেলায় সাইফের সাত, সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর চার পয়েন্ট।

ঢাকার ম্যাচও ড্র

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের অন্য খেলায় আরামবাগ ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। আত্মঘাতী গোলে এগিয়ে থাকা মুক্তিযোদ্ধা গোল হজম করে ৪৭ মিনিটে। আরামবাগের নাইজেরিয়ান এলিটা কিংসলে সমতা আনেন ১-১। ১০ মিনিট ব্যবধানে সোহেলের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা ২-১। শেষ মুহূর্তে আরামবাগের আবার সেই এলিটা কিংসলের ফ্রি-কিক মুক্তিযোদ্ধার ডিফেন্ডারের পিঠ ছুঁয়ে গোল হয় ২-২। ড্রয়ে বেঁচে যায় আরামবাগ। এলিটার চার গোল হলো।

আজকের খেলা : পুলিশ ও উত্তর বারিধারার (৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম)। মোহামেডান ও শেখ রাসেল (৬টা ৩০, সিলেট)।