বিদেশি ক্রিকেটার ছাড়াই প্রিমিয়ার লিগ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

স্পোর্টস রিপোর্টার

ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াবে আগামী ১৫ মার্চ। উন্মুক্ত পদ্ধতিতে ক্রিকেটারদের দলবদল অনুষ্ঠিত হবে ৩-৫ মার্চ। স্থানীয়দের সুযোগ করে দিতে থাকছে না বিদেশি ক্রিকেটার কোটা।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে মিটিংয়ের পর গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

দলবদলের সময়ে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাশরাফিদের জন্য তাই সিলেটেই একটি বুথ রাখবে সিসিডিএম। গত বছরের ন্যায় এবারও প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে আয়োজন করা হবে টি-২০ টুর্নামেন্ট। গতকাল কাজী ইনাম বলেছেন, ‘সুপার লিগের ছয়টা দলকে নিয়ে হলেও এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলাটা মাঠে গড়াবে। যাতে তারা প্রত্যেকে ৫টা করে  ম্যাচ খেলতে পারে, সেই ব্যবস্থা রাখছি। টি-২০ অনুশীলনটা হয়ে যাবে।’ এই টি-২০ লিগের সময় সুপার লিগের বাইরের ক্লাবগুলো থেকেও খেলোয়াড় নেওয়া যাবে।

তবে ৫০ ওভারের মূল লিগের শুরুটা হবে ঢাকার বাইরে। চট্টগ্রাম ও কক্সবাজারকেই প্রাথমিকভাবে ভেন্যু ধরা হয়েছে। বিকেএসপি ও ঢাকার মাঠগুলো গত কয়েক মাস ব্যস্ত ছিল। তাই উইকেটের মান ভালো হবে না। ঢাকার বাইরে খেলা হলে আসা-যাওয়াসহ ক্লাবগুলোর যাবতীয় খরচ বহন করবে সিসিডিএম।

এই বছর প্রিমিয়ার লিগে থাকছে না বিদেশি ক্রিকেটার কোটা। স্থানীয় ক্রিকেটাররাই খেলবেন এই লিগ। থাকবে না পুল সিস্টেম। ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করা হবে বলেও আশাবাদী সিসিডিএম।