ইত্তেফাক রিপোর্ট
নিয়োগপত্র পেয়েও যোগদান করতে না পারায় রাজপথে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রুত যোগদান ও পদায়নসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ৪০ জেলার নিয়োগ প্রত্যাশীরা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় সঠিকভাবে কোটা অনুসরণ না করার অভিযোগে দেশের ৪০ জেলায় মামলা দায়ের করা হয়। এ কারণে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে পাশ করা প্রার্থীদের যোগদান ও পদায়ন স্থগিত হয়ে গেছে।
আন্দোলনের সমন্বয়ক মো. শাওন নাজিউর বলেন, নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে পাশ করেও ৪০ জেলার প্রার্থীদের যোগদান স্থগিত রাখা হয়েছে। একের পর এক আদালতে রিট হচ্ছে আর আমাদের নিয়োগ কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়ছে। সকল পরীক্ষা মোকাবিলা করে আমরা পাশ করেছি, ইতিমধ্যে ২০ জেলায় নিয়োগ ও পদায়ন দেওয়া হয়েছে। অথচ আমাদের অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে।
তাদের দাবিগুলো হলো—দ্রুত নিয়োগ নিশ্চিত করে পদায়ন, মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এ বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে যোগদান কার্যকর করা এবং প্রাথমিক শিক্ষা খাতে নিয়োগ বার বার কেন বিলম্বিত হয়—এ বিষয়ে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দেন।
