রপ্তানিতে কারিগরি বাধা দূরীকরণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

বিএসটিআইয়ের সঙ্গে মতবিনিময়

সভায় ড. গওহর রিজভী

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে কারিগরি বাধা দূরীকরণে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। তিনি বলেন, এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের বাজারে বিএসটিআইর পরীক্ষণ সনদ দ্বারা ২১টি পণ্য বিনা বাধায় সে দেশের বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি করা হয়েছে। খুব শিগগিরই আরো ১২টি পণ্যের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পর্যায়ক্রমে বিএসটিআই হতে পরীক্ষিত সব পণ্যের ক্ষেত্রে যাতে এ সুযোগ সৃষ্টি করা যায় সে বিষয়ে সরকার কাজ করছে। সম্প্রতি তেজগাঁওর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রধান কার্যালয়ে বিএসটিআই কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আল-আমীনসহ বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি