ত্রিশালে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী জামালপুর কমিউটার-১ ট্রেনের ইঞ্জিন রবিবার বিকল হয়ে গেছে। সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউলিয়ানগর-আহম্মদ বাড়ি রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনটি বিকল হয়। যাত্রী শফিকউদ্দিন বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার-১ ট্রেন রবিবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আহম্মদ বাড়ি রেল স্টেশন অতিক্রম করার পর মাঝপথে বিকল হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি আউলিয়ানগর স্টেশনে আটকা পড়ে। পরে বলাকা ট্রেনের ইঞ্জিন গিয়ে মাঝপথে বিকল হওয়া ট্রেনটি টেনে আউলিয়ানগর স্টেশনে আসে। সোয়া ১০টার দিকে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে বিকল হওয়া জামালপুর-১ ট্রেনটি প্রায় দুই ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।