মুক্তিযুদ্ধ আমাদের নিরন্তর প্রেরণার উত্স। বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলায় তার প্রমাণ মেলে প্রতি বছর। বাঙালির মহান অর্জন এই মুক্তিযুদ্ধ নানাভাবে উঠে আসছে লেখকদের লেখায়। বইমেলায় মুক্তিযুদ্ধ আশ্রয়ী গল্প, উপন্যাস, স্মৃতিচারণমূলক বই থাকে বিক্রির শীর্ষে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মেলা বিস্তৃত হওয়ার পর বইমেলার গুরুত্ব যেন নতুন মাত্রা পেয়েছে। প্রকাশকরা জানালেন সবচেয়ে আশাপ্রদ ঘটনা। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের সবচেয়ে বড়ো ক্রেতা তরুণ ও কিশোররা। প্রকাশকরাও এসব বই প্রকাশে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠছেন। মেলা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি স্টলেই মুক্তিযুদ্ধবিষয়ক বই। গত ২২ দিনে মেলায় মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রকাশিত হয়েছে ১২০টি। এর মধ্যে জার্নিম্যান বুকস এনেছে তোফায়েল আহমেদের ‘রক্তঝরা মার্চ ১৯৭১ : অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা’, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) এনেছে আফসান চৌধুরী সম্পাদিত ‘হিন্দু জনগোষ্ঠীর একাত্তর’, কাগজ প্রকাশন থেকে মোহাম্মদ আল আমীন ও বাশার খান সম্পাদিত ‘রোকেয়া হল গণহত্যা (আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য), কথাপ্রকাশ এনেছে আফসান চৌধুরী সম্পাদিত ‘১৯৭১ গণনির্যাতন-গণহত্যা : কাঠামো, বিবরণ ও পরিসর’, সেলিনা হোসেনের ‘পূর্ববঙ্গ থেকে বাংলাদেশ : রবীন্দ্রনাথ ঠাকুর ও শেখ মুজিবুর রহমান’, প্রথমা এনেছে আনিসুল হকের ইতিহাস আশ্রয়ী উপন্যাস ‘এখানে থেমো না’, অনন্যা এনেছে রাবেয়া খাতুনের ‘মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র’, আবদুল মতিনের ‘স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাঙালি’, ফকির আলমগীরের ‘স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’, সাইদ হাসান দারার ‘অপারেশন সার্চলাইট’, দীপু মাহমুদের ‘১৯৭১ দক্ষিণ-পশ্চিম রণাঙ্গন’, শাহীনুর রেজার ‘সাত বীরশ্রেষ্ঠ’, মুক্তধারা এনেছে এন জি পালের ‘একজন আমলা মুক্তিযোদ্ধার ডায়েরি’, জ্ঞান বিতরণী এনেছে মোশারফ হোসেনের ‘একাত্তরের শত গল্প(১ম খণ্ড), মিজান পাবলিশার্স এনেছে রবীন্দ্র গোপের ‘মুক্তিযুদ্ধ পথে পথে’ প্রভৃতি।
মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তোফায়েল আহমেদের বই
এবারের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের লেখা বই ‘রক্তঝরা মার্চ ১৯৭১ : অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা’। গ্রন্থটি প্রকাশ করেছে জার্নিম্যান বুকস। রবিবার এই বইটি ছাড়াও একই প্রকাশনী থেকে প্রকাশিত তারিক সুজাতের কাব্যগ্রন্থ ‘সুরের পথে একলা হাঁটি’ এবং নাজনীন হক মিমির লেখা ‘৬৯-এর শহিদ সার্জেন্ট জহুরুল হক ও মুক্তিযুদ্ধ’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
