আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

যে নিষ্ঠা ও প্রত্যয় নিয়ে দৈনিক ইত্তেফাক সাড়ে ছয় দশক ধরে গণমুখী সাংবাদিকতা করে এসেছে আগামীতেও তা অব্যাহত রাখবে। ইত্তেফাক কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, ভবিষ্যতেও সাংবাদিকতার আদর্শ থেকে বিচ্যুত হবে না—এই প্রত্যাশার কথা জানালেন ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। গতকাল সোমবার ঢাকাসহ সারাদেশে আগামী দিনগুলোতেও সত্য, ন্যায় ও গণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে পালিত হলো দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাবার্ষিকী। দেশবাসীর অকুণ্ঠ সমর্থন, সীমাহীন ভালোবাসায় ৬৬ বছরে পা দিলো ‘দৈনিক ইত্তেফাক’। এ উপলক্ষে ৪০ কাওরান বাজারের নিজস্ব ভবনে ইত্তেফাক অফিস ভরে উঠেছিল পত্রিকার শুভার্থী, বন্ধু, বিজ্ঞাপনদাতাদের পদচারণায়। সারাদিন ধরেই উত্সবমুখর পরিবেশে সবাই উদযাপন করলো এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে। দেশের বিভাগ, জেলা ও স্থানীয় পর্যায়েও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সোমবার দুপুরে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেনের সঙ্গে এ কেক কাটায় অংশ নেন ইত্তেফাক পরিবারের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে, বিভিন্ন সংগঠন ইত্তেফাক ভবনে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন ও পরিচালক রেজাউল আহসান ফাগুন।

দৈনিক ইত্তেফাকের এই আনন্দঘন মুহূর্তে সম্পাদক তাসমিমা হোসেন বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাওয়া বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে ইত্তেফাকের সাংবাদিকতা ওতপ্রোতভাবে জড়িত। বায়ান্নর ভাষা আন্দোলনের পথ ধরে স্বাধিকার আন্দোলনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার সঙ্গে ইত্তেফাক ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ছিল। দৈনিক ইত্তেফাক মহান মুক্তিযুদ্ধের সেই অর্জনকে অবলম্বন করেই সামনে এগিয়ে যাবে।  ইত্তেফাক সবসময় দেশের ক্রান্তিকালে মানুষকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি জুগিয়েছে। আগামীতেও গণমানুষের মুখপত্র হিসেবেই ইত্তেফাক তার দায়িত্ব পালন করে যাবে।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর দৈনিক হিসেবে যাত্রা শুরু করে পত্রিকাটি। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত দৈনিক ইত্তেফাক গণমানুষের মুখপত্র হিসেবে কাজ করছে। দেশবাসীর অকুণ্ঠ সমর্থন, সীমাহীন ভালোবাসাই ছিল দৈনিক ইত্তেফাকের সুদীর্ঘ পথচলার একমাত্র শক্তি ও সাহস।

গতকাল ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে কাওরান বাজারের নিজস্ব ভবনে ইত্তেফাক অফিস ভরে উঠেছিল সংবাদপত্রটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ শুভানুধ্যায়ীদের পদচারণায়। সারাদিন ধরেই উত্সবমুখর পরিবেশে সবাই উদযাপন করলো এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে। পরিকল্পনা ছিল ঘরোয়াভাবে ইত্তেফাকের সদস্যরা মিলে দিনটি উদযাপনের। কিন্তু এর মাঝেও অনেক শুভার্থী, রাজনীতিক, বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ইত্তেফাক ভবনে এসে ফুলেল শুভেচ্ছা জানান। অতিথিদের স্বাগত জানান ইত্তেফাকের বার্তা সম্পাদক মলয় পাঁড়ে, নগর সম্পাদক আবুল খায়ের, বিজ্ঞাপন ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইত্তেফাক এর সাংবাদিক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও সদস্য শামসুদ্দিন আহমেদ চারু।

শুভেচ্ছা জানাতে এসেছিলেন সামিট গ্রুপের পক্ষে পরিচালক আজীজা আজিজ খান, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর মোঃ ফিরোজ আলম, ই-সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, এনআরবি ব্যাংকের হেড অফ ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন্স রায়হান কাওসার, প্রিমিয়ার ব্যাংক-এর হেড অফ কমিউনিকেশন্স জাকারিয়া রহমান, প্রাইম ব্যাংকের হেড অফ পিআরডি মনিরুজ্জামান টিপু, এনসিসি ব্যাংক-এর পক্ষে মোঃ আনোয়ার হোসেন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক-এর পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজম খান, ডেপুটি হেড কমিউনিকেশন্স সামিয়া চৌধুরী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে আমীর হোসেন জনি, এসএসডি টেক-এর কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজার মারুফ রহমান রানা, দৈনিক মানবজমিন, কনসিটো পিআর এর পক্ষে শ্রাবণ সাগর, ওয়াসার পাবলিক রিলেশন্স অফিসার আবদুল কাদের, মাস্টহেড পিআর প্রমুখ।

এছাড়াও শুভেচ্ছা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের প্রধান আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা, দৈনিক ইত্তেফাক এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজাম্মেল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আকতার ও সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে আরও শুভেচ্ছা জানায় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন, সংবাদপত্র পরিবহন এসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন সমিতির নেতৃবৃন্দ।