স্পোর্টস রিপোর্টার
বোলাররা ভালোই চেপে ধরেছিলেন ভারতকে। কিন্তু ব্যাটসম্যানরা চ্যালেঞ্জটা নিতে পারলেন না। ফলে পরাজয় দিয়ে শুরু হলো বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের যাত্রা। প্রথম ম্যাচে সালমা খাতুনের দল ১৮ রানে হেরেছে ভারতের কাছে। আগে ব্যাট করা ভারত ৬ উইকেটে ১৪২ রান তোলে। জবাবে ৮ উইকেটে ১২৪ রান করতে পারে বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই প্রথম উইকেট হারায় ভারত; ভাটিয়ার উইকেট তুলে নেন সালমা। এরপর শেফালি বার্মা ও রড্রিগেজ ভালো একটা জুটি করেন। শেফালি ৩৯ ও রড্রিগেজ ৩৪ রান করেন। পান্না ঘোষ এসে পরপর দুই উইকেট তুলে নেন। শেষ দিকে কৃষ্ণমূর্তি ১১ বলে ২০ রান করেন।
সালমা ও পান্না দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে বাংলাদেশও শুরুতে শামিমার উইকেট হারায়। এরপর সানজিদাও ১০ রান করে ফেরেন। তবে মুর্শিদা ৩০ ও নিগার ৩৫ রান করে দলকে লড়াইয়ে রেখেছিলেন। কিন্তু এরপর দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
