কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে
পেশাজীবী নেতৃত্বের মতবিনিময় কাল
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীসহ সারা দেশে নারী-শিশু নির্যাতনবিরোধী সমাবেশ কর্মসূচির মাধ্যমে মুজিববর্ষ উদ্যাপন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। আগামী ১ মার্চ বিকাল তিনটায় কেন্দ্রীয় শহিদ মিনারের পরিবর্তে সোহ্রাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাশে নারী-শিশু নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির পাশাপাশি আগামী ১৭ মার্চ দেশজুড়ে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি সফল করতে আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
