শেয়ারবাজারে টানা তিন দিন দরপতন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩২

ইত্তেফাক রিপোর্ট

টানা উত্থানের পর দেশের শেয়ারবাজারে টানা দরপতন দেখা দিয়েছে। গতকাল সোমবার নিয়ে টানা তিন কার্যদিবস দরপতন হলো। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০১টির। অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম। বেশির ভাগ প্রতিষ্ঠানের এই দরপতনের কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে এক হাজার ৫৯১ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের এই পতনের দিনে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। দিনভর বাজারটিতে লেনদেন হয় ৬০০ কোটি ৫৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৬৭ কোটি ৮৯ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭৩ লাখ টাকা। ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে— কনফিডেন্স সিমেন্ট, এসকে ট্রিমস, বিএসআরএম, লাফার্জাহোলসিম, গোল্ডেন হার্ভেস্ট, সিলভা ফার্মাসিউটিক্যাল এবং কাশেম ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট কমে ১৪ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।