পদত্যাগের পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন মাহাথির মোহাম্মদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫০

জোট রাজনীতিতে জটিলতার মুখে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে দেশটির রাজা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব পালন করতে বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মাহাথির তার দল প্রিভুমি বারসাতু মালয়েশিয়ার চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। এদিকে তার দল পাকাতান হারাপান জোট থেকেও বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আল-জাজিরার এক খবরে বলা হয়েছে, সপ্তাহব্যাপী রাজনৈতিক অস্থিরতার মুখে গতকাল সোমবার পদত্যাগ করেন মাহাথির। রবিবার রাতে মাহাথিরের দলের কয়েক জন আইনপ্রণেতা, আনোয়ার ইব্রাহিমের পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) ছেড়ে আসা কয়েক জন এবং বিরোধী দলসহ বিভিন্ন দলের আরো কয়েক জন এমপি কুয়ালালামপুরের শহরতলিতে একটি বৈঠকে বসেন। তারা প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় থাকা আনোয়ার ইব্রাহিমকে বাইরে রেখে        একটি নতুন সরকার গড়ার পরিকল্পনা করছেন বলে খবরে প্রকাশ পায়। আশঙ্কা তৈরি হয় যে জোট সরকারের পতন হতে যাচ্ছে এবং নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে। এর পরদিনই পদত্যাগ করেন মাথাথির। এক সংক্ষিপ্ত বিবৃতিতে মাহাথির জানান, তিনি দেশটির রাজাকে পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন।

মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথির ও আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। সর্বশেষ এ দুই নেতা ২০১৮ সালে ক্ষমতাসীন ইউএমএনও নেতৃত্বাধীন বারিসান ন্যাসিওনাল জোটকে ক্ষমতা থেকে সরাতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন। চুক্তি ছিল, একটি নির্দিষ্ট সময় পর মাহাথির প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন এবং পরবর্তী প্রধানমন্ত্রী হবেন আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিম বলেছেন, মাহাথিরের অন্য কোনো জোটে যোগ দেওয়ার পরিকল্পনা নেই। এই সংকটের জন্য তিনি দায়ী নন। বরং আমার নিজের দল ও বাইরের দলের লোকেরা মাহাথিরের নাম ব্যবহার করে এটা করেছে।