বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে গ্রহণ না করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন অধ্যাপক ও একাডেমিক কাউন্সিলের সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন প্রোগ্রামের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে গতকাল সোমবার একাডেমিক কাউন্সিলের সভায় তুমুল হট্টগোল হয়। সভায় প্রোগ্রামের পক্ষ-বিপক্ষ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। কোর্সের পক্ষ-বিপক্ষ নিয়েও চলে তুমুল উত্তেজনা। অল্পসংখ্যক শিক্ষক ছাড়া অন্য সবাই কোর্সের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেছেন। কোর্সের বিপক্ষের শিক্ষকদের নাস্তানাবুদ হতে হয় সভায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষকদের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় আগের মতোই স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান। সোমবার শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সভা শেষে ব্রিফিং পর্বে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত ব্যক্তি পর্যায় থেকে নেওয়া হয় না। সব সিদ্ধান্তই সংশ্লিষ্ট পর্ষদ বা বডিতে আলোচনা করে মতামতের ভিত্তিতে নেওয়া হয়।
