এরশাদ চলে যাওয়ার পর জাপা ঘুরে দাঁড়িয়েছে —জি এম কাদের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৭

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশের বড়ো বড়ো রাজনৈতিক দল ব্যক্তিকেন্দ্রিক। শীর্ষ নেতার অবর্তমানে রাজনৈতিক দলগুলো ঘাতপ্রতিঘাতে বিলীন হয়ে যায়; কিন্তু এরশাদের চলে যাওয়ার পরে জাপা ঘুরে দাঁড়িয়েছে। সবার প্রচেষ্টায় জাপা এখন ঐক্যবদ্ধ ও শক্তিশালী। গতকাল সোমবার তিনি তার বনানী কার্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন।

জি এম কাদের বলেন, আগামী দিনের রাজনীতিতে জাপা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমানুষের আস্থা অর্জন করতে কাজ করছে জাপা। মানুষের ভালোবাসায় রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছানো জাপার জন্য সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করলে অর্থ-বিত্তে মূল্যায়ন আশা করা ঠিক নয়।

এর আগে জাপা চেয়ারম্যান দলের নেতাদের নিয়ে ৭২ পাউন্ড ওজনের জন্মদিনের কেক কাটেন। এসময় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের, দলের কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সোলায়মান আলম শেঠ, রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীর সিকদার লোটন ও জহিরুল ইসলাম জহির প্রমুখ উপস্থিত ছিলেন।