কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ না করায় ভারতের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আয়োজিত নৈশভোজ প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফলে আমন্ত্রণে নৈশভোজে গেলেন আরও দুই শীর্ষ নেতা।
সোমবার রাষ্ট্রপতি আয়োজিত ট্রাম্পের সঙ্গে বিশেষ নৈশভোজটি প্রত্যাখ্যান করেছেন তারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
ভারতীয় গণমাধ্যম দলীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলে, নৈশভোজে আমন্ত্রিত ছিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভায় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং রাজ্য সভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। তবে ইউপিএ চেয়ারপার্সন তথা কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে নিমন্ত্রণ জানানো হয়নি। যার ফলে শেষ পর্যন্ত আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এই তিন শীর্ষ কংগ্রেস নেতা।
তবে মনমোহন সিংহ গণমাধ্যমে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে নিমন্ত্রণ রক্ষা করতে পারলেন না তিনি। এদিকে লোকসভায় বিরোধী দলনেতা অধীর রঞ্জন বলেছেন, এই ধরনের সরকারি অনুষ্ঠানে শীর্ষস্থানীয় বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানোর রীতি এবার বন্ধ হল।
আরও পড়ুন: কাশ্মীরে ৭ মাস পর স্কুলে শিক্ষার্থীরা
মোদি সরকারের সমালোচনা করে রাজ্য সভার বিরোধী উপ-দলনেতা আনন্দ শর্মা বলেছেন, আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ট্রাম্পের অনুষ্ঠানেও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। সব মিলিয়ে ট্রাম্পের প্রথম ভারত সফরে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে।
ইত্তেফাক/আরআই
