পরিচ্ছন্ন ক্যাম্পাস : পাঁচ তরুণের এগিয়ে আসা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫০

‘আমার ক্যাম্পাস আমার দায়িত্ব’—এ স্লোগানকে সামনে রেখে ডাকসু সদস্য মাহমুদুল হাসানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্নতায় কাজ করছে আরবি বিভাগের

ওরা পাঁচ বন্ধুসহ অনেকেই। তবে দৃষ্টি কেড়েছে পাঁচ বন্ধুর একসঙ্গে এগিয়ে আসাটা। তাদের ক্যাম্পাস পরিচ্ছন্নতার গল্প অনুলিখন করেছেন— আমজাদ হোসেন হূদয়

হাবিবুর রহমান

ভাষার মাসে ডাকসুর এই আয়োজনের অংশীদার হতে পেরে গর্ব বোধ করছি। বঙ্গবন্ধুর জন্মদিনের বাকি আর মাত্র বাকি কয়েক দিন। সেই উপলক্ষ্যেই তো আমাদের এই পরিশ্রম। কীভাবে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করে গড়ে তোলা যায়। তখন আমরা পঞ্চপাণ্ডব যোগ হলাম। আজ অনুভব করছি আমরাই পারব আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। আসুন ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে সবাই মিলে গড়ে তুলি একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নান্দনিক ক্যাম্পাস।

 

মুজাহিদুল ইসলাম ফয়সাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে ক্লিন ক্যাম্পাস কার্যক্রমটির সূচনা করেন ডাকসুর সম্মানিত সদস্য মুহা. মাহমুদুল হাসান। ওনার একান্ত সহযোগিতায় আজকে আমরা সফলতার পথে এগিয়ে যাচ্ছি। জানিনা আমরা সফল নাকি ব্যর্থ, তবে এটুকু জানি পরিশ্রম কখনো বিফলে যায় না, তাই বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কাজ করে যাচ্ছি আমরা পাঁচ জনসহ অসংখ্য স্বেচ্ছাসেবী। সবাই মিলে আমাদের ক্যাম্পাসকে সুন্দর রাখি।

 

রাহাদ ইসলাম শাকিল

মুজিব বর্ষ ২০২০ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবুজ ও নান্দনিক ক্যাম্পাস হিসেবে বিনির্মাণে যে পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তারই অংশীদার হিসেবে দিন-রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি আমরা পঞ্চপাণ্ডব। নিজেদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বোচ্চ কাজ করব। ক্যাম্পাসের সৌন্দর্য্য বৃদ্ধিতে আমরা অবদান রাখতে চাই। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ডাকসু ও এস্টেট অফিস এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।

 

আহসান শাহিদ তন্ময়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস ও ডাকসুর যৌথ উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি আমরা পাঁচজন। আর আমাদের সহযোগিতা করার জন্য রয়েছে আরো ৯৫ জন ক্যাম্পাস বন্ধু। সবার সহযোগিতায় আমরা গড়ে তুলতে চাই এক নান্দনিক ক্যাম্পাস।

 

হাসান আল কাজীম

‘আমাদের ক্যাম্পাস, আমরাই রাখব পরিস্কার’— এই স্লোগানকে ধারণ করে একটি সজীব ও নির্মল ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে ডাকসু ও এস্টেট অফিস কর্তৃক আয়োজিত মিশন ক্লিন ক্যাম্পাসের একজন কর্মী হয়ে গর্ব বোধ করছি। বিশেষ কৃতজ্ঞতা জানাই ক্লিন ক্যাম্পাসের স্বপ্নসারথি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত সদস্য মুহা. মাহমুদুল হাসান ভাইকে। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় পরিচ্ছন্ন এক ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সক্ষম হব আমরা।